ধর্মীয় প্রতিষ্ঠানের বাধার কারণে সরকার ‘নারী নীতিমালা-২০১১’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারছে না বলে মন্তব্য করেছেন শ্রমকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইস্রাফিল আলম এমপি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস ওয়াকার্স প্রটেকশন এয়ারলাইন্স (বিজিডব্লিউপিএ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ইস্রাফিল আলম বলেন, ‘বিভিন্ন ধর্মীয় সংগঠন নারী নীতিমালার বিরোধী। এ নীতিমালার বিরোধিতা করে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। কিন্তু সরকার তাদের কাছে মাথানত করেনি।’

দেশে এ নীতিমালা বাস্তবায়নের পরিবেশ এখনও তৈরি হয়নি মন্তব্য করে ইস্রাফিল আলম এমপি বলেন, ‘সরকার এ পরিস্থিতিতে নারী নীতিমালা বাস্তবায়ন করে নারীকে পুরুষ থেকে বিচ্ছিন্ন করতে চায় না। তবে নারীর পক্ষে আন্তর্জাতিক সব চুক্তিতে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সরকারের পক্ষ থেকে গার্মেন্টস মালিকদের নারী শ্রমিকদের জন্য আলাদা ডরমেটরি তৈরির জন্য সুদবিহীন ঋণের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো গার্মেন্টস মালিক ডরমেটরি তৈরির আগ্রহ প্রকাশ করেননি।’

এ ব্যাপারে মালিকদের সদিচ্ছার অভাব আছে বলেও মন্তব্য করেন তিনি।

জেআই