সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

আজ (রোববার) সকাল সাড়ে ৯টার দিকে তাঁর লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেয়ার পর বেলা একটায় ময়নাতদন্ত শেষ হয়।

সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক এ এম সেলিম রেজা সাংবাদিকদের বলেন, “সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার যে সন্দেহের কথা বলা হয়েছে, ময়নাতদন্তেও আমরা সে রকম লক্ষণ পেয়েছি। তাঁর শরীরে কোনো দাগ নেই।”

এর আগে সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন থেকে অনিক আজিজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ২৬ বছর বয়সী অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। লাশের গলায় ব্রডব্যান্ড ইন্টারনেটের তার পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিল।

শেরেবাংলা নগর থানার ওসি সাংবাদিকদের জানান, রোববার সকালে খবর পেয়ে তারা ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর কক্ষে অনিকের ঝুলন্ত লাশ পান। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি জানাতে পারেন নি। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। 

এমবি