বর্তমান সরকার একটি প্রতারক সরকার, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা আঁকড়ে আছে বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, ১৫৩ জন ৫ জানুয়ারির নির্বাচনে বিনা ভোটে সংসদ সদস্য হয়েছেন। তারা ক্ষমতা দখল করে গণগন্ত্রকে ধ্বংস করছেন।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রগতিশীল গণতান্ত্রিক জোট আয়োজিত ‘বাংলাদেশের রাজনীতি: প্রগতিশীল গণতন্ত্রীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সরকার দেশের জনগণকে নিয়ে তামাশায় লিপ্ত হয়েছে। জনগণের ভোটে নয়, বর্তমান সরকার পেশিশক্তির জোরে ক্ষমতা দখল করেছে। তারা কখনোই জনগণের প্রতিনিধি নয়। এই তামাশা থেকে জাতিকে মুক্ত করতে হবে।

‘দেশের বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই’ মন্তব্য করে তিনি বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে চলতে পারছে না। সরকারের ইচ্ছা হলেই আদালতের জজ পরিবর্তন করছে। বিচার বিভাগে দলীয়করণ চলছে, এতে জনগণ সঠিক বিচার পাচ্ছে না।

তিনি বলেন, ৭ খুনসহ ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে সরকার সংসদের হাতে বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা দিচ্ছে। এটাই ক্ষতার অপব্যবহার।

সোনার বাংলা সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা মনজুরুল হক সিকদাররে সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সোনার বাংলা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শেখ আব্দুর নূর, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, গণসংহতি আন্দোলনের নেতা অ্যাডভোকেট আবদুস সালাম, প্রগতিশীল গণতান্ত্রিক জোটের আহ্বায়ক আ. ব. ম. মোস্তফা আমীন, সদস্য সচিব অ্যাডভোকেট খুরশিদ আলম প্রমুখ।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ