জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেছেন, “বিরোধী দলের একজন সদস্যের প্রস্তাব নিয়ে সরকারের শরিক একটি দলকে আনন্দচিত্তে জবাই করা হচ্ছে। দলটির ঠিকুজি উদ্ধার করলেন।

“আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি ইতিহাসের মাইন ফিল্ডে হাঁটেন তবে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত জাসদ যা করেছে, ইতিহাস বলবে আমরা সঠিক না ভুল। আমাদেরও ২০ হাজার লোক মারা গেছে।”

দশম সংসদে আকস্মিকভাবে বৃহস্পতিবার এভাবেই উত্তেজনা ছড়ালেন জাতীয় পার্টি ও জাসদের সংসদ সদস্যরা।

জাসদের কার্যকরি সভাপতি বাদলের বক্তব্যের সময় আওয়ামী লীগের তোফায়েল আহমেদ এবং জাতীয় পার্টির সদস্যরা তাকে গণবাহিনী নিয়ে কথা বলতে বলেন।

জাতীয় পার্টির কয়েকজন সদস্য চেয়ার থেকে দাঁড়িয়ে বলেন, গণবাহিনীর কথা বলেন।

বাদল বলেন, “৭২ থেকে ৭৫ পর্যন্ত যা করেছি, সেটা ছিল ইতিহাসের বাঁক। সময় বলে দেবে, কে সঠিক আর কে ভুল। কখনো বলিনি, যা করেছি সঠিক করেছি। কিন্তু যেভাবে এখানে প্রস্তাবটি তোলা হয়েছে সেটা সঠিক হয়নি।”

“৮২ থেকে ৯০ পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে এখানে অনেকে আন্দোলন করেছে,” এইচ এম এরশাদের সামরিক শাসন ধরে বাদল একথা বলার সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির সদস্যরা হৈ চৈ করতে থাকেন।

ফিরোজ রশীদ চেয়ার ছেড়ে এগিয়ে এসে কথা বলতে শুরু করলে বাদল স্পিকারকে বলেন, “আই নিড ইউর প্রটেকশন।”

স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় জাতীয় পার্টির সদস্যদের নিজ আসনে বসার অনুরোধ করেন।

বাদল আরো বলেন, “আলোচনা করতে চাইলে হবে। এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছিলেন? পেছনের ঘটনা কী?”

শেষে বাদল বলেন, “আমি ও হাসানুল হক ইনু টেলিভিশনে বলেছি, পিতার (বঙ্গবন্ধু) বিরুদ্ধে সমালোচনা করা ভুল হলে আজ তার কাফফারা দিচ্ছি।”

ঢাকা, ৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস