ঢাকা: বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ‘মার্চ ফর ডেমোক্রেসির’ নামে ‘মার্চ ফর অটোক্রেসি'র চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

বুধবার দুপুরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য  জহুরা তাজ উদ্দিনের মৃত্যুতে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়া একটি সহিংস মাঠ চান বলেই পতাকার সাথে লাঠি নিয়ে আসতে বলেছেন। কিন্তু বিশ্বের গণতন্ত্রের কোন দেশে লাঠি নিয়ে মার্চ করা আইন সম্মত নয়।

তিনি আরো বলেন, খালেদা জিয়া নির্বাচন প্রতিহত করার নামে জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় বলেই সংগ্রাম কমিটি গঠনের কথা বলছেন। কিন্তু সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে আগামী ৫ জানুয়ারিই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুরঞ্জিত বলেন, বাংলাদেশের রাজনীতিকে অগণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্যই খালেদা জিয়ার  'মার্চ ফর ডেমোক্রেসি' ঘোষণা করেন।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, ওর্য়াল্ড ইউনির্ভাসিটি আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা,সাবেক ছাত্র নেতা জি এম আতিক প্রমুখ।