দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, যদিও এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলেই নৌকা মার্কায় ভোট দেবেন। শেখ হাসিনার মার্কা, আস্থার মার্কা, উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে জনগণ উন্নয়ন, অগ্রগতি চায়।

বিএনপি নেত্রী খালেদা জিয়া ‘বাক সন্ত্রাসী’ হয়েছেন- উল্লেখ করে হানিফ বলেন, জনগণের কাছে আবেদন করার কিছু নেই তার। মিথ্যাচার করে প্রশাসনকে হুমকি-ধামকি দিয়ে নিজের অনুকূলে আনার চেষ্টা করছেন। গতকালও তার বক্তব্যে প্রশাসনকে একাধিবার হুমকি দিয়ে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করেছেন। তাই জনগণের কাছে দাবি থাকবে এই বাক সন্ত্রাসীর নেতৃত্বে বিএনপি যে নাশকতা করছে, তার বিরুদ্ধে আগামীকাল (বুধবার) ভোট দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করছে না।

দলীয় নেতাকর্মীদের পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সহায়তা করার আহ্বান জানান দলের এ যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, ‘আমরা চাই না এ নির্বাচন কোনো অনিয়ম কিংবা ত্রুটি করে বির্তকিত করা হোক। কারণ আপনারা লক্ষ করেছেন বিরোধীদল বিএনপি নির্বাচনকে বির্তকিত করার চেষ্টা করছে।’ 

এমএইচ