কুষ্টিয়ায় চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান সুজন।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, আটককৃত দুজন ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতা বিকাশ, তুহিনসহ মোট ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আলামিন জোয়ার্দার নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেছে। তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সাংবাদিকদের জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি, টেন্ডারবাজির অভিযোগ রয়েছে ওই সব নেতাদের বিরুদ্ধে।
এছাড়াও তাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সৃষ্ট বিভেদকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় অশান্ত পরিবেশ তৈরির অভিযোগ আছে বলেও সূত্র দাবি করছে।
এএস





