দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত এমন দাবী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, একমাত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব।
তবে আমরা সংগ্রাম বা আন্দোলন চাই না। জনগণের দাবি অনুযায়ী একটি সুষ্ঠ নির্বাচন। জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে একটি নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফিরোজা বেগম এক কিংবদন্তীর নাম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
‘আওয়ামী লীগ নেতাদের কেনা যায় শেখ হাসিনাকে কেনা যায় না’ এমন মন্তব্যের জবাবে তিনি বলেন ১/১১ সরকারের সময় দেশের মানুষ দেখেছে কাকে কেনা যায়।
সরকার মুক্তিযুদ্ধাদের সনদ জালিয়াতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগ করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের সচিবরা যখন এই সনদ জালিয়াতির সঙ্গে জড়িত তারপরেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
বর্তমান সরকারের অবস্থাকে বাঘের পিঠে আরোহণ করার মত মনে করে এম কে আনোয়ার বলেন, আপনারা বাঘের পিঠে চড়ে বসেছেন, এখন নামতে পারছেন না। কিন্তু ভেবে নামার পথ বের করুন। অন্যথায় যখন নামবেন তখন বাঘ আরো বেশি ক্ষুধার্থ থাকবে। সে সময় পালানোর পথ পাবেন না।
সরকার জাতিকে মেধা শুণ্য করার পাঁয়তারা করছে এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংশ করে দিচ্ছে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের সাথে প্রতারনা, জুয়াচুরি করে
কতদিন থাকবেন। পৃথিবীতে যারাই জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে তারা বেশি দিন থাকতে পারে নাই। আপনারাও পারবেন না।
তিনি আরো বলেন, ফিরোজা বেগম বিশ্বের সম্পদ ছিলেন। আমরা তার মেধাকে রাষ্ট্রীয় ভাবে সম্মান দেখাতে পারি নাই। সরকারের হীনমন্যতার কারনে ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় ভাবে দাফন করা হয়নি।
আয়োজক সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





