বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন,দাবি নয়, আন্দোলন ও সংগ্রাম করে সরকারের চলমান গুম ও খুনের নীতি রুখে দিতে হবে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে করা ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহীতার মিথ্যা মামলার প্রতিবাদে’ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এ সভার আয়োজন করে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ টেনে নোমান বলেন, ‘বিচারক অবসরে যাওয়ার ১৬ মাস পর তিনি আদালতে যে রায় দেন তা আইনের চোখে কার্যকর হয় না। যদি আইনে তা কার্যকর না হয়, তাহলে সরকারের কার্যক্রম এবং গত ৫ জানুয়ারি অবৈধ নির্বাচন সবকিছু মিলিয়ে দেশে শাসনতান্ত্রিক শূন্যতা সৃষ্টি হয়েছে কিনা তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে পর্যবেক্ষণ করা উচিত।’
এবং কিভাবে সঙ্কটগুলো দূর করা যায় তা রাষ্ট্রপতির চিন্তা করতে হবে বলে মনে করেন এই বিএনপি নেতা।
এসময় বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দিচ্ছে। এই মামলাগুলোর কোনো বিশেষ কারণ নেই। কিন্তু এরপরও সরকার রাষ্ট্রদ্রোহী বলে মামলাটা বড় করার চেষ্টা চালাচ্ছে।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘দাবি নয়, আন্দোলন ও সংগ্রাম করে সরকারের চলমান গুম ও খুনের নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
বিএনপি, সরকার ও আওয়ামী লীগের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে তা দেশের জন্য ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবাদ সভা চলাকালীন স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের কথা উল্লেখ করে নোমান বলেন, ‘এই ঘটনা কোনো অপ্রীতিকর ঘটনা নয়। অহেতুক না বুঝেই আমরা সবাই দৌড়াদৌড়ি করেছি। এ ঘটনার বিশেষ কোনো কারণ নেই, শুধুই কথাকাটাকাটি হয়েছে মাত্র।’
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এমএইচ





