ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।
এদিকে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। তারা সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণের ভেতরে থেকে তাদের পুলিশ বের করে দিয়ে প্রধান গেট আটকে দেয়। বর্তমানে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সড়কে অবস্থান করে স্লোগান দিচ্ছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের রাস্তা সংলগ্ন গেট ও ভবনের মূল গেটে জটলা করে অবস্থান করছেন তারা।
সম্রাটের আগমন উপলক্ষে এসেছেন জানালেও নেতাকর্মীরা নাম প্রকাশ করতে রাজি হননি। এদিকে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সম্রাটকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
পুলিশ মূল গেটের সামনে থেকে তাদের সরিয়ে দিতে চাইলেও তারা সেখানেই অবস্থান করছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ০৭ অক্টোবর সম্রাটের বিরুদ্ধে রমনা মডেল থানায় র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে দুটি মামলা করেন।
৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাটকে আটক করা হয়। তার সঙ্গে আটক হন যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি এনামুল হক আরমানও।
পরে তাদের সঙ্গে নিয়ে ০৬ অক্টোবর দিনভর রাজধানীতে সম্রাটের বাড়িতে অভিযান চালায় র্যাব। ওইদিন কাকরাইলের কার্যালয়ে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণের দায়ে সম্রাটকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়। বর্তমানে সম্রাটকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।
এএস





