হযরত হাফেজ্জি হুজুর (রহ.)’র বড় সাহেবজাদা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
আজ (শুক্রবার) দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।
শোক বার্তায় মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া মরহুম মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের ইসলামী আন্দোলন ও সমাজ সেবায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
ভুঁইয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করে বলেন, “আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।”
মরহুম মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বার্ধক্যজনিত ও মস্তিষ্কে রক্তক্ষরণের কারনে দির্ঘদিন অসুস্থ ছিলেন এবং আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ৯ ছেলে, ৮ মেয়ে’সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মরহুম মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের বড় সাহেবজাদা। তিনি দির্ঘদিন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ছিলেন।
শাহ আহমাদুল্লাহ আশরাফ বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তিনি ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে এদেশের ইসলাম প্রিয় জনতার হৃদয়ে স্থান করে নেন।কর্মজীবনে মরহুম মাওলানা আশরাফ রাজধানীর কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসার মুহতামিম ছিলেন।
মরহুম মাওলানা আহমাদুল্লাহ আশরাফের জানাজার নামাজ আজ (শুক্রবার) বাদ আসর কামরাংগিরচর নূরীয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আবু সেকান্দার, জামায়াত নেতা এডভোকেট মুরাদ খান শাহীন, বিভিন্ন ইসলামী দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ’সহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত হয়।
এমবি





