তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। সরকার এবং প্রশাসন যদি স্বৈরাচার হতো এবং আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতো তবে খালেদা জিয়ার তো দশবার ফাঁসি হয়ে যেত। বিএনপি নেতাকর্মীদের প্রতি অত্যাচারের কথা মিথ্যা।
শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের শিক্ষক নিয়োগের পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া যখন আন্দোলনের হুংকার দিয়ে বোমা হাতে মানুষ লেলিয়ে দেয়, তখন মিছিলকে সর্তকতার সাথে দেখা হয়।
ইনু বলেন, খালেদা জিয়ার ধমকে নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না। জনগণ যদি আন্দোলন করে তবে সরকার খোদা হাফেজ বলে বিদায় নেবে।
এ সময় ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা ও জাসদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ





