দেশের চলমান সংকট নিরসনে মধ্যবর্তী নির্বাচন হলে হারিয়ে যাওয়া গণতন্ত্র কিছুটা হলেও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থ-বহ মধ্যবর্তী নির্বাচনে’র দাবীতে এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এমাজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের সমলোচনা করবো না, শুধু দোয়া করি তাদের যেন সু-বুদ্ধির উদয় হয়। রমজান মাসে রোযা রেখে অন্তত সু-চিন্তা করে তারা একটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুক, যাতে করে দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র কিছুটা হলেও ফিরে পায়।
প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন,সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি না। আমরা দেশের উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। আমি তাদের উন্নয়নের কথা বলি, পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে শেষ হবে কখন জানি না। বিশ্বব্যাংক তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে, এটাই কি তাদের উন্নয়ন। আমি বলতে চাই গণতন্ত্র বকেয়া রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য তিনি বলেন, তাদের দায়িত্ব দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। কিন্তু তারা সেটা না করে বিএনপি জামায়াত দমন করার কাজে ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, সংসদে যাদেরকে বিরোধী দল হিসেবে রাখা হয়েছে, এটা কেমন বিরোধী দল, বিরোধী দলের মধ্যে মন্ত্রী থাকে, এটা অশিক্ষিত আচরণ ছাড়া আর কিছু না।
তিনি আরও বলেন,গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে বুঝাতে হবে এটা তাদের অধিকার ।
আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-তথ্য ও গভেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের উপদেষ্টা হায়দার আলী প্রমুখ।
এমএ/ এআর





