বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ লেখেন ভালো, রাজনীতি করেন খারাপ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ব্যরিস্টার মওদুদ আহমেদের বইয়ে প্রমাণিত হয়েছে, বিএনপি নেত্রী আত্মঘাতী রাজনৈতিক ভুল করেছিলেন। এখন সেটাই দেখার বিষয়, মওদুদ ও এ কে খন্দকার কোন রাজনীতি করবেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচন সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়া রাজনৈতিক ভুল করেছেন। এখন সে ভুলের খেসারত দিচ্ছেন। স্বাভাবিক পথ পরিহার করে এখন তিনি অস্বাভাবিক পথে ভুল শোধরানোর পায়তারা করছেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ৪টি নোংরা পথে হাটছেন। মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি। জঙ্গিবাদীদের দিয়ে অশান্তি সৃষ্টি করা। বিদেশী প্রভুদের মনোরঞ্জন করে তাদের প্রভু হিসেবে মেনে নেয়া ও চক্রান্ত ষড়যন্ত্রের রাজনীতি।
মন্ত্রী বলেন, মহাজোট খালেদা জিয়ার এই চারটা নোংরা খেলার ভূত তাড়াবে। তাহলেই বাংলাদেশ আর পেছনের দিকে যাবে না।
আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী প্রমুখ।
ঢাকা, এমআর, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





