সজিব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মাসে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক নেন- গত শনিবার নারায়ণগঞ্জে দেয়া খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমি খালেদার প্রতি চ্যলেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছি। আপনি এ কথা প্রমাণ করুন, না হলে প্রত্যাহার করুন।

সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী তরুন লীগ আয়োজিত 'মহান বিজয় দিবস ও চলমান রাজনীতি' শীর্ষক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, আপনার এ বক্তব্য যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমরা এটা জাতির সামনে তুলে ধরবো। আর যদি না পারেন, তবে আপনি জাতীয় মিথ্যাবাদী হিসেবে পরিচিতি পাবেন।

তিনি বলেন, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যেখানে তারা সরকারি কোন সুযোগ-সুবিধা পাবেন না। এর চেয়ে কিভাবে যুব সমাজ দেশের জন্য কাজ করতে পারেন।

নারায়ণগঞ্জে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে খালেদা জিয়া এখন আবোল-তাবোল বকছে। তার এ বক্তব্য আক্রোশমূলক, অরুচিশীল, মিথ্যাচার ও রাজনৈতিক সংস্কৃতি বহির্ভূত।

তিনি বলেন, সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের তরুণ প্রজম্মের অহংকার। ডিজিটাল বাংলাদেশের রুপকার এবং ভবিষ্যত আওয়ামী লীগ নেতা। পুরো বাঙালী জাতি তাকে আজীবন স্মরণে রাখবে।

সংগঠনের সভাপতি মোসলেউদ্দিন মাসুদ মশুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এমআর/ এআর