আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার ফজরের পর থেকেই শিক্ষার্থীরা সাইকেল নিয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মাঠে জড়ো হতে থাকেন। পরে সকাল ৬টায় মাদরাসার প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে গাজীপুরা, তারগাছ, বোর্ড বাজারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর শিবির সভাপতি জাকির হোসেন, জেলা শিবির সভাপতি ইসমাইল পাঠান, টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম এবং জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, মাদকের ভয়াবহতা আজ সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের টাকার জন্য পরিবারে পরিবারে সংঘাত, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। সরকার যদি মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে দেশের সচেতন ছাত্রসমাজ মাদকের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

গাজীপুর সিটির মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকসংশ্লিষ্ট অর্থের প্রভাবে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতা নয়, মূল ব্যবসায়ী ও সরবরাহ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক কীভাবে দেশে প্রবেশ করছে, সে বিষয়েও সরকারকে কার্যকর নজরদারি জোরদার করতে হবে।

টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই স্পষ্ট। সরকার মাদক নির্মূলে ব্যর্থ হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো।

এমএম