জাতীয় পার্টি (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন,হাসিনার সরকার তোমার যদি এতটুকুন লজ্জা থাকে এ মূহুর্তে ক্ষমতা ছাড়ো।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, যদি আসাদের বুকের রক্ত, মতিউরের বুকের রক্ত দিয়ে ’৬৯ এর গণ অভ্যুত্থান হতে পারে তাহলে আজ ৭ জনের নিষ্ঠুর নির্মম হত্যাকান্ডের মধ্য দিয়ে কেন গণঅভ্যুত্থান গড়ে তোলা যাবে না। এই একটি ঘটনার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অগ্নিশিখা বাংলার ঘরে ঘরে জ্বলে উঠুক।
তিনি বলেন, গার্মেন্টস শিল্পকে ধংসের হাত থেকে রক্ষা করার জন্য ভারতীয় ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের শতকোটি টাকার ত্রাণ তহবিলের মাত্র ২৫কোটি টাকা বিতরণ করা হলো বলেও তিনি অভিযোগ করেন।
তিস্তা প্রসঙ্গে কাজী জাফর বলেন, নদীর পানি প্রত্যাহার করতে হলে ভাটির দেশের অনুমতি নিতে হয়। অথচ তারা (ভারত) আন্তর্জাতিক নদী আইন লংঘন করে ফারাক্কা ও তিস্তার পানি প্রত্যাহার করে নিলো।
বহ্মপুত্রের পানি প্রত্যাহারের জন্য ভারতের অভ্যন্তরে ডাইভারশন খাল খনন করা হয়েছে। এই সরকার কোন প্রতিবাদ করলো না। এ সরকার একটি নতজানু সরকার, আধিপত্যবাদের সরকার। বাংলাদেশকে মরভূমির হাত থেকে রক্ষা করতে হলে আন্দোলন সংগ্রাম ছাড়া কোন উপায় নেই বলে তিনি মন্তব্য করেন।  
জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক ও জাপার (জাফর) প্রেসিডিয়াম সদস্য আনোয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম এম ফজলে রাব্বি চৌধুরী, মোস্তফা জামাল হায়দারসহ আরো অনেকে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]