বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ সাবেক ছাত্র দায়িত্বশীলদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সমাজের কল্যাণে সার্বিক পরিবর্তনে জামায়াতের কর্মী হিসেবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। নেতৃত্বের মানদণ্ডে প্রত্যেক নেতাকর্মী নিজে যোগ্য হিসেবে সবখানে প্রস্তুত থাকবেন। সংগঠনের প্রয়োজনে যেন স্থানীয় যেকোনো দায়িত্ব পালনে প্রত্যেক কর্মীকে দায়িত্বভার প্রদান করা যায়।

বাউফল উপজেলা শাখা জামায়াতের উদ্যোগে আয়োজিত সাবেক ছাত্র দায়িত্বশীলদের সম্মানে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং বাউফল উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমানের সঞ্চালনায় সেখানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মুন্তাসির মুজাহিদ, বাউফল উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইউনুস বিশ্বাস, পটুয়াখালী জেলার সাবেক সভাপতি আলামিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের সেই লোকের প্রয়োজন, যিনি সবখানে কাজ করতে প্রস্তুত আছেন। গ্রামের সাধারণ একটি ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর সভার মেয়র এভাবে যাকে যেখানে প্রয়োজন সংগঠন যেন আপনাকে যোগ্য হিসেবেই সেখানে পায়।

যত কাঠামো আছে সামাজিক প্রতিনিধিত্বের সবখানেই জামায়াতের একজন কর্মী হিসেবে আপনি নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত রাখবেন। সংগঠনের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে প্রত্যেক কর্মী বিল্ডিংয়ের ইট অথবা পিলারের মতো ভূমিকা পালন করবেন। যাতে সংগঠন তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে আপনাকে দায়িত্ব দিয়ে জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারে।