নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘‘এখন যে ঘটনাগুলো ঘটছে। তা সু-কৌশলে ১৯ দল তথা বিএনপি-জামায়াত চক্র করছে। তারা এসব ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে অকার্যকর করার প্রমাণের চেষ্টা করছে আর সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।
শনিবার সকাল ১০টায় মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ এপ্রিল বক্তব্যে বলেছেন, গুম, হত্যা এগুলো আওয়ামী লীগ করছে। তার আগের দিন তাদেরই একজন নেতা সাদেক হোসেন খোকা সেও বলেছে, চোরা গুপ্তা হামলার মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে। তাদের এই দু’টি কথাকে যদি বিশ্লেষণ করি তা হলে দাঁড়ায়, ২০১৩ সালে এদেশে প্রকাশ্যে মানুষকে হত্যা করে, গাড়ি পুড়িয়ে, গাছ কেটে, শহীদ মিনার ভেঙ্গে তারা যে আন্দোলন করেছে। সেখানে তারা ব্যর্থ হয়েছে।
আমার মনে হয়, এখন তারা অপহরণ করে সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে।
জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]