বিদ্যুতের দাম বাড়ানো হলে দেশবাসীকে নিয়ে এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মো: মোবারক হোসাইন।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবৈধ সরকার জনকল্যাণমুখী কোনো উদ্যোগ না নিয়ে দেশে একের পর এক সংকট সৃষ্টি করে যাচ্ছে। এখন আবার নতুন করে বিদ্যুতের দাম বাড়িয়ে জনদুর্ভোগ বাড়ানোর পাঁয়তারা করছে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না আসলে জনগণকে নিয়ে সরকারের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

মোবারক হোসাইন বলেন, এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কল্যাণে কাজ করতে তারা ক্ষমতায় আসেনি। নিজেদের আখেড় গোছাতে তারা ভোটারবিহীন একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসেছে। সরকারের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য লস্কর মো: তসলীম, জামায়াত নেতা দেলোয়ার হোসেন, এড. জাকির হোসেন, জসিম উদ্দিন, আব্দুস সালাম, আল মাহমুদ, মাহফুজুর রহমান, সোলাইমান হোসেন, মোস্তাফিজুর রহমান, মিজানুল হক, শিবির নেতা তামিম হোসাইন ও সাইদুর রহমান স্বপন প্রমুখ।

এএইচ