দেশে কখন কোন দিক দিয়ে আগুন জ্বলে উঠবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেরও পাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রেসিডিয়াম সদস্য শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা আপনি বলেছিলেন ইলিয়াস আলীকে ফেরত দেবেন। আমি আপনার কথা বিশ্বাস করতে চাই। ইলিয়াসকে ফেরত দিন। বিএনপির গ্রেফতার সব নেতা-কর্মীকে মুক্তি দিন।

বর্তমানে দেশের রাজনীতি স্থিতিশীল। এই সময়ে সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন। নয়তো কখন আন্দোলন শুরু হবে, কোন দিক দিয়ে আগুন জ্বলে উঠবে তা টেরও পাবেন না।
তিনি আরো বলেন, শফিক রেহমানতো রাজনীতি করেন না। তিনি সাংবাদিক। বিশ্ব দরবারে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তাকে গ্রেফতার করে আওয়ামী লীগ বিশ্ব দরবারে নিন্দিত হয়েছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশিতা রহমান, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ।


এসএম