ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন পূর্বপরিকল্পিত নীলনকশা অনুযায়ী বানচাল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রাজধানীর ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পৃথক দুটি রিটের কারণে বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্যপদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
এ নির্দেশের পেছনে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ‘পূর্বপরিকল্পনা’ রয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মূলত ডিএনসিসি নির্বাচন বানচাল করা পূর্বপরিকল্পিত নীলনকশা। এটি সরকার ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনা’।
রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের ত্রুটিপূর্ণ তফসিলের কারণেই সংক্ষুব্ধরা রিট করার সুযোগ পেয়েছেন। আমরা বারবার বলে আসছি, নির্বাচন নিয়ে বর্তমান সিইসি আওয়ামী লীগের মাস্টারপ্ল্যানেরই অংশ।
ডিএনসিসিসহ ঢাকা সিটিতে যদি সুষ্ঠু ভোট হয়, তা হলে ক্ষমতাসীনদের ভরাডুবি হবে, এটি সরকারি দল নিশ্চিত জানে। গণমাধ্যমেও এ রকম খবর বেশ কয়েক দিন ধরে প্রকাশিত হচ্ছে’।
এমআর





