জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, “মহান মে দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। মে দিবস শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।”
তিনি বলেন, “যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়।”
শুক্রবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে জি এম কাদের বলেন, “নভেল করোনাভাইরাস মোকাবিলা এখন সারা বিশ্বের সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিবছর আমরা নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন করি। কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। তাই কোনো আয়োজন ছাড়াই ঘরে বসে এ দিনটি পালন করতে হবে।”
সবার প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, মহামারি করোনাকালে খেটেখাওয়া শ্রমজীবী মানুষের প্রতি সবাই সদয় থাকুন। রমজান এবং ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মত পরিশোধ করুন। যে কোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করেন, এই দুঃসময় বেশি দিন থাকবে না। প্রকৃতি আবারও স্বাভাবিক হবে, নিরাপদ হবে আমাদের প্রিয় পৃথিবী। যে কোনো পরিস্থিতিতে আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।





