‘রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রশিবিরের সভাপতি গ্রেপ্তার’ উল্লেখ করে ছাত্রশিবিরকে জড়িয়ে পুলিশ কর্মকর্তার মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত মেসবাউল হককে নিয়ে পুলিশের রাজশাহী গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর মুন্সি যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও মনগড়া।
মেসবাউল হক শিবির ওয়ার্ড সভাপতি দূরে থাক সমর্থকও নয়। তার সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। কোন তথ্য প্রমাণ ছাড়াই ছাত্রশিবিরের ভাব মর্যাদা ক্ষুন্ন করতে পুলিশ কর্মকর্তা পরিকল্পিত ভাবে এই মিথ্যাচার করেছেন।
মুলত ছাত্রশিবিরকে পরিকল্পিতভাবে সন্ত্রাসের সাথে জড়ানোর অপচেষ্টার অংশ হিসেবে পুলিশ কর্মকর্তা এই মিথ্যাচার করেছেন বলে আমরা মনে করি। অপরদিকে বাংলাট্রিবিউনের মত কিছু গণমাধ্যমও তা যাচাই না করেই প্রচার করেছে।
এই ধরণের একটি স্পর্শকাতর সংবাদ পরিবেশনের আগে ছাত্রশিবিরের কোন বক্তব্য নেয়ার প্রয়োজনীয়তাও তারা অনুভব করেননি। মূলত এই যৌথ অপপ্রচার উদ্দেশ্যে প্রণোদিত।
নেতৃবৃন্দ বলেন, যেখানে সেখানে ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার কিছু পুলিশ কর্মকর্তার অভ্যাসে পরিণত হয়েছে। যা জাতি দীর্ঘদিন যাবত দেখে আসছে। ফলে পুলিশের প্রতি মানুষের আস্থা আজ শুন্যের কোঠায় নেমে এসেছে।
আমরা বাংলাট্রিবিউনসহ সকল গণমাধ্যম ও হিপজুর আলম মুন্সির মত পুলিশ কর্মকর্তাদের খবর প্রকাশ বা বক্তব্য দেয়ার আগে তার বস্তুনিষ্ঠতার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আহবান জানাচ্ছি।
আমরা আশা করি এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দেয়ার আগে পুলিশ কর্মকর্তারা তাদের পবিত্র দায়িত্বের প্রতি সম্মান দেখাবেন।
এমএনজে





