আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাঈদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা আপনি যতই চেষ্টা করুন, ভালো কাজ করতে পারবেন না। আপনার চারপাশে থাকা যে সিন্ডিকেট রয়েছে তারা আপনাকে ভালো কাজ করতে দেবে না। তাই আপনাকে এই সিন্ডিকেট ত্যাগ করতে হবে।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আবু সাঈদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা বিচ্যুত। রাজনীতি এখন দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে। যাদের পেশিশক্তি আর কালো টাকা রয়েছে রাজনীতি চলে গেছে তাদের হাতে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি।

তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে এখন আর নির্বাচনের দরকার হয় না। পেশিশক্তি আর টাকা থাকলেই ক্ষমতায় যাওয়া যায়। আমার নির্বাচনী এলাকায় আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী র্যােব, পুলিশ দিয়ে ভোট কেন্দ্র দখল করে তিনি বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, রাজনীতি এখন চলে গেছে দুর্বৃত্তদের হাতে। পৃথিবীর বহুদেশে এমপি, মন্ত্রী এমনকি রাষ্ট্রপতিরাও হিসাব দেন। কিন্তু আমাদের দেশের মন্ত্রী, এমপিরা দেন না। কারণ তারা ৫ বছরে ২ হাজার গুণের বেশি সম্পদ আয় করেছেন। এগুলো কিভাবে হলো কেন এলো তা বের করার লোক নেই। তাই এখন ভালো, সৎ, ত্যাগী লোকের কোন মূল্যায়ন হয়না বলেও মন্তব্য করেন তিনি।

আবু সাঈদ বলেন, বর্তমানে প্রতিটি সেক্টরে সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটগুলো হলো অর্থনীতি সিন্ডিকেট, বাণিজ্যিক সিন্ডিকেট, মিডিয়া সিন্ডিকেট এমনকি সাংস্কৃতিক সিন্ডিকেট।

মুক্তিযুদ্ধ মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ সিন্ডিকেটের কারণে আপনার মন্ত্রণালয় থেকেই ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেয়া হয়। এ ঘটনায় আমার লজ্জা লাগে।

এ সিন্ডিকেটগুলো অপরাধের সঙ্গে যুক্ত। বঙ্গবন্ধুর কন্যার চারপাশে র্যা ব, পুলিশের সিন্ডিকেটের পাশাপাশি বিভিন্ন সিন্ডিকেট রয়েছে। বঙ্গবন্ধু কন্যা ভালো কাজ করতে চাইলেও এই সিন্ডিকেট তা করতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

আবু সাঈদ বলেন, বর্তমানে আইনের শাসন নেই। আর আইনের শাসন থাকবে কিভাবে। দেশ রয়েছে দুর্বৃত্তদের কবলে। আর এ দুর্বৃত্তদের কবল থেকে মুক্ত না হলে দেশ কখনো উন্নয়নের দিকে এগিয়ে যাবে না। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই দেশের সন্ধান পাবো না।

সরকারের প্রণীত জাতীয় সমপ্রচার নীতিরও সমালোচনা করেন তিনি।

জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ব্যারিস্টার আমিরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ