নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ শুরু করার মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে বিশ্বব্যাংককে চপেটাঘাত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে আমরা দেশবাসী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি একথা বলেন।
এ সময় নানা প্রশ্ন ছুড়ে দেন হাছান মাহমুদ। বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ করেছিল। কাজ শুরু না হলে কীভাবে দুর্নীতি হয়? পদ্মাসেতু নিয়ে কোনো টাকাপয়সা আদান-প্রদান হয়নি। তাহলে দুর্নীতি হলো কী করে?’
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ শুরু হওয়ায় নিশ্চয়ই বিশ্বব্যাংক লজ্জা পেয়েছে।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘যে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিয়ে দুর্নীতির অভিযোগ করেছিল, তারাই এখন বলছে আমাদের দেশের অর্থনীতি উড়াল দেয়ার পূর্বমুহূর্তে আছে।’
‘আপনারা দয়া করে বিশ্বসম্প্রদায়ের কাছে বলুন, আপনাদের সিদ্ধান্ত ভুল ছিল’ যোগ করেন তিনি।
মানুষকে ধোঁকা দেয়ার নতুন কৌশল অবলম্বন করেছে বিএনপি, এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘যুদ্ধাপরাধীর বিচার নিয়ে পাকিস্তান যা বলেছে, তা সঠিক হয়নি বলেছেন মির্জা ফখরুল ইসলাম। কিন্তু তারাই কিছুদিন আগে সাকা চৌধুরীর বিচার ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন।’
শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শাহ আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা প্রমুখ।
এমএইচ





