ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এস এস রফিকুল ইসলাস বাচ্চু বলেন, অবস্থাদৃষ্টে মনে হয় একটি বিশেষ খারাপ উদ্দেশ্য নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ওপর এই নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র পিপার স্প্রে অনৈতিক ও অমানবিকভাবে ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ড্যাব আয়োজিত ‘রাসায়নিক অস্ত্র পিপার স্প্রে”র মৃত্যু ঝুঁকি ও বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. এস এস রফিকুল ইসলাস বাচ্চু বলেন, পিপার স্প্রে মানবদেহে প্রচণ্ড জ্বালা, ব্যথা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নাক দিয়ে পানিপড়া, প্রচণ্ড কাশি, শরীরের উপরের অংশে জ্বালাপোড়া এবং শরীরের উপরের অংশে সামনের দিকে ধণুকের মতো বেঁকে যেতে পারে।

পিপার স্প্রের নিক্ষেপের বিভিন্ন সময়ের ক্ষতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৯৯৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত আমেরিকার লস এঞ্জেলসে ৬১ জনের মৃত্যু ঘটেছে। অন্যদিকে ১৯৯৩ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পুলিশ কর্তৃক পিপার স্প্রে নিক্ষেপে ২৭ জনের মৃত্যু হয়েছে।

আদালতের নিষেধাজ্ঞা থাকার পর পিপার স্প্রে নিক্ষেপের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রফিকুল বলেন, আমরা যেহেতু ডাক্তার তাই আইনীভাবে মোকাবেলা করবো না। আমরা সামাজিকভাবে এই স্প্রের প্রতিরোধের আহবান জানাই।

এসময় তিনি আরও বলেন, সরকার নিষিদ্ধ পিপার স্প্রে নিক্ষেপ করে জাতির সাথে প্রতারণা করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ মান্নান, ডা. শাহাবুদ্দিন, ডা.আব্দুল কুদ্দুস, ডা.সাইফুল ইসলাম সেলিম, ডা.আদনান হাসান মাহমুদ, ডা. জহিরুল ইসলাম।

এমএইচ/ এআর