জামায়াতের সাবেক আমির গোলাম আযমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে তিনটায় রাজধানীর মগবাজারের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার দাফন করা হয়।
এর আগে নামাজে জানাজা শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গোলাম আযমের মরদেহ মগবাজারের বাসায় আনা হয়।
গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ হিল আমান আযমি বলেন, আমার বাবার দাফন দুপুর সাড়ে তিনটায় ও বাদ জোহর জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আযমি বলেন, এ উপমহাদেশের মধ্যে আর কারো জানাজায় এতো মানুষ হয়েছে কিনা আমার জানা নেই। আমার বাবার নামাজে জানাজায় বিপুল সংখ্যক মানুষ শরিক হয়েছে। কিন্তু যুক্তরাজ্য দূতাবাস অনুমতি না দেয়ায় আমার ভাইয়েরা জানাজায় শরিক হতে পারেননি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান গোলাম আযম। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে ময়না তদন্তের পর মরদেহ হস্তান্তর করা হয় তার পরিবারের কাছে। তারপর থেকে মগবাজারের বাসার ভেতরেই গোলাম আযমের মরদেহ বিশেষ অ্যাম্বুলেন্সে হিমায়িত করে রাখা হয়। সেখান থেকেই শনিবার দুপুরে নামাজে জানাজার উদ্দেশ্যে মরদেহ নেয়া হয় বায়তুল মোকাররমে।
কেএইচ





