নগরবাসীকে সঙ্গে নিয়ে বুধবার থানায় থানায় বিক্ষোভ মিছিল করতে জামায়াত নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, আন্দোলনে সরকার দিশেহারা হয়ে সিটি নির্বাচনের আড়ালে বিরোধীদল নির্মূলে গুম- হামলা-মামলা- গ্রেফতার অব্যাহত রেখেছে। জঙ্গীবাদ বিরোধী শ্লোগান দিলেও সরকারই সারাদেশে জঙ্গীবাদী শাসন চালাচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থানে অজ্ঞাত লাশ পাওয়া যাচ্ছে।
কাকে কখন আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হবে কেউ বলতে পারছে না। একদলীয় শাসন টিকিয়ে রাখতে দলন নীতির মাধ্যমে অতীতেও কোন সরকার টিকতে পারে নাই, বর্তমান শাসকরাও পারবে না।
তিনি আরো বলেন, গণআন্দোলনের খবর যাতে গণমাধ্যমে প্রচার করা না হয় এজন্যই বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছে। বেসরকারী টেলিভিশনে গুম নিয়ে সংবাদ প্রচারে সেন্সর আরোপ করা হয়েছে। পোষাক শ্রমিক আমিনুলকে ৫ মার্চ পুলিশী পরিচয়ে তুলে নেয়া হলেও এখনো তার কোন সন্ধান পায়নি তার পরিবার।
সরকারের পদত্যাগ ও র্নিদলীয় নিরপেক্ষসরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০দলের চলমান অবরোধ ও হরতাল সফল করায় নগরবাসীকে অভিনন্দন জানান এই জামায়াত নেতা।
অপর এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও জনগণের সীমাহীন ত্যাগ বিনিময়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যূদয় ঘটেছে।
স্বপ্ন ছিল গণতান্ত্রিক অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হবে। দুর্ভাগ্য আজও সে স্বপ্ন পূরণ হয়নি।
জেএ





