বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের নেতারা।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী বলায় তারা এ দাবি জানান।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতারা এ দাবি জানান।  
সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এ দেশের সবার নেতা। তিনি নেতৃত্ব না দিলে এই দেশের জন্মই হতো না অথচ তাকে নিয়ে যারা কুটূক্তি করছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। এই শক্তির নেপথ্যে রয়েছে তারেক রহমানের ষড়যন্ত্র। তাই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  
তারা বলেন, বঙ্গবন্ধুকে কুটূক্তি করার মাধ্যমে তারা ইতিহাস বিকৃতি করার পাঁয়তারা করছে। কিন্তু দেশের তরুণ সমাজ এই ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য প্রস্তুত। তাই অবিলম্বে তারেকের বিচার করা হোক। তারেক কোন সাহসে এতো বড় কথা বলে সেটাও বের করার দাবি জানান বক্তারা।  
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।  
মানববন্ধন শেষে সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল করে। এসময় তারেকের কুশপু্ত্তলিকা পোড়ানো হয়।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]