আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত,দেশের অন্যতম প্রধান দল বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল। এ লক্ষ্যে প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্ঠান স্থলে তিনটি মঞ্চ তৈরির কাজ প্রায় সম্পন্ন । ছয় বছর পর এই কাউন্সিলকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে বর্ণিল সাজে।
আজ নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে সারাদেশের বিএনপি নেতাকর্মী ও কোটি কোটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাধারণ মানুষের মধ্যে এই কাউন্সিলকে ঘিরে ব্যাপক প্রভাব পড়েছে। ইতোমধ্যে কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
কাউন্সিলকে সফল করতে গঠিত সকল উপ-কমিটি তাদের কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছে।’
কাউন্সিলের ভেন্যুর ভেতর-বাইরে সাজানোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
দ্রতগতির সঙ্গে কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট নেতারা দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
মঞ্চ তৈরির সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা জানায়, তিনটি মঞ্চের মধ্যে একটিতে বিএনপির কাউন্সিলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভাষণ দিবেন এবং দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এটির দৈর্ঘ হবে ৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট।
সরেজমিনে দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠান স্থলের ভেতর-বাইরে পুরোদমে সাজানোর কাজ চলছে।
বাংলাদেশের জাতীয় পতাকা লাল-সবুজের রং-কে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে পুরো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।
চারপাশে উঁচু ছাউনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাতে ডেলিগেটরা সেখানে সহজে বসতে পারেন।
এদিকে শুক্রবার সন্ধ্যার মধ্যে কাউন্সিলের ভেন্যু সাজানোর শতভাগ কাজ শেষ করতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।
রাতে দলের শীর্ষ নেতারা শেষবারের মতো অনুষ্ঠান স্থন পরিদর্শন করবেন।
এছাড়া কাউন্সিল এলাকার নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তারক্ষী, সিসি টিভি, আর্চওয়ের ব্যবস্থা রাখা হচ্ছে।
দ্বিতীয় মঞ্চটিতে থাকবেন শিল্পীরা। এর দৈর্ঘ হবে ৩৬ ফুট এবং প্রস্থ ১৮ ফুট।
এছাড়া তৃতীয় মঞ্চটি সাংবাদিকদের জন্য বরাদ্দ থাকবে। এই মঞ্চের দৈর্ঘ ১৮ ফুট এবং প্রস্থ হবে ১২ ফুট।
এসএম





