১৯ বছর পর গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে নির্বাচিত এ কে এম এনামুল হক শামীম মন্ত্রিসভায় জায়গা করে নিলেন।
প্রথমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে শরীয়তপুর-২ আসনের নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাককে মন্ত্রী বানানো হয়। তখন তিনি ২০০১ সাল পর্যন্ত পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর শরীয়তপুরে আর কোনো সাংসদ মন্ত্রী হতে পারেনি। দীর্ঘ ১৯ বছর পর উপমন্ত্রী পদ পেলেন শামীম। এই খবরে শরীয়তপুরবাসী নতুন করে ব্যপক উন্নয়নের স্বপ্ন দেখছেন।
স্কুলজীবন থেকে-রাজনীতি
এ কে এম এনামুল হক শামীম স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৮৬ সালে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৯ সালে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে জাকসুর ভিপি নির্বাচিত হন।
এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পর পর তিনবার সদস্য ও সহ-সভাপতি পদ লাভ করেন। ১৯৯৪ সালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। টানা ৪ বছর তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এ সময় বিএনপি-জায়ামাত জোট সরকারের হাতে বারবার নির্যাতনের শিকার হয়েছেন। শামীম আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক নির্বাচিত হন একাধিকবার। ২০১২ সালে তাকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ চট্টগ্রামের দায়িত্ব পালন করছেন।
এনামুল হক শামীম চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দলীয় নানা কর্মসূচী বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
এ কে এম এনামুল হক শামীম উপমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গণমাধ্যমকে বলেন, এলাকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তাদের ভালবাসা, বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। তাদের প্রত্যাশা পূরণে সবসময়ে কাজ করব।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী করেছেন। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়নমূলক কাজগুলো করে যেতে চাই।
এ কে এম এনামুল হক শামীম পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন শরীয়তপুরবাসী।
এএস





