রাজধানীর তেজগাঁও থেকে ২ শিবির কর্মীকে গ্রেপ্তারের পর অস্বীকার ও তাদের আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ এবং অনতিবিলম্বে তার সন্ধান দাবী করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, গত ২১ আগষ্ট রাতে কোন কারণ ছাড়াই তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয় শিবির কর্মী আমির সুলাইমান ও জাহিদুল ইসলামকে। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করলেও এখন পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয়নি।
তাদের অন্যায় ভাবে গ্রেপ্তার করে আদালতে না তোলা বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন। গ্রেপ্তারের পর আদালতে না তোলার পেছনে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না তা নিয়ে আমরা সন্দিহান। কেননা এর আগেও পুলিশ এভাবে গ্রেপ্তারের পর অস্বীকার করে ছাত্রদের হত্যা ও নাটক সাজিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, পুলিশ ছাত্রদের নিরাপত্তার বদলে এভাবে গ্রেপ্তার ও গুম রেখে সারাদেশে ছাত্রদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই আচরণে প্রতিটি শিক্ষার্থীর পরিবার আজ শঙ্কিত। পুলিশ কোন ভাবেই এই অমানবিক কাজ করতে পারেনা।
আমরা স্পষ্ট করে বলতে চাই, শিবির কর্মী আমির সুলাইমান ও জাহিদুল ইসলামকে নিয়ে কোন প্রকার নাটক বা তাদের সামান্যতম ক্ষতি ছাত্রশিবির মেনে নিবে না।
অবিলম্বে আমরা গ্রেপ্তারকৃত শিবির কর্মীদের অবস্থান নিশ্চিত ও আদালতে হাজিরের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুস্বরণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এমবি





