মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জনগণের অর্জিত অধিকার স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত বলে দাবি করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, “মানুষ আজ দিশেহারা আতঙ্কিত, দেশের শ্রমিক-কৃষক ঘামের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। গোটা দেশ আজ জালিম সরকারের শোষণ-নিপীড়নের অভয়ারণ্যে পরিণত হয়েছে।”  

আজ (১৮ আগস্ট) রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন বিতরণের উদ্বোধনী বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “দেশে আজ একাত্তরের অর্জিত অধিকার ভূলুণ্ঠিত, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মিথ্যা মামলায় অবিচারের কারাগারে বন্দি আর আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশ মানুষ যাকে মনে করেন সেই নেতা তারেক রহমান স্বাচ্ছন্দ্যে দেশে ফিরতে পারছেন না।”

তিনি বলেন, “সারা দেশে হাজার হাজার নেতাকর্মী হয় জেলে না হয় গুমের মধ্যে মৃত্যুর মুখোমুখি। প্রায় ২৬ লক্ষ মামলা নিয়ে নেতাকর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, দেশে কৃষক ও শ্রমিক তার ঘামের ন্যায্যমূল্য পাযচ্ছে না, কোরবানির চামড়া রাস্তায় ফেলে দেয়া হচ্ছে আর নারী তার মর্যাদা নিয়ে থাকতে পারছে না।”

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “ঠিক এমনই এক মুহূর্তে জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনাময় দিন সৃষ্টির লক্ষ্যে রাজপথে নামছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ মোতাবেক সাবেক ছাত্রনেতারা উদ্যোগী হয়ে যে ভূমিকা গ্রহণ করেছে সেটি হচ্ছে কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন।”

মনোনয়ন ফরম বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল শনিবার এটা শুরু হয়েছে। আজকে ফরম বিতরণের শেষ দিন। এরপর ধারাবাহিকভাবে পুনঃতফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর শীর্ষ দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

ছাত্রদলের এই সম্মেলনের মধ্য দিয়েই এদেশে স্বৈরাচার পতনের যে দৃষ্টান্ত ছাত্রদল অতীতে রেখেছে সেই উজ্জ্বল দৃষ্টান্ত আগামী দিনেও পতপত করে বাংলার আকাশে উড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই ছাত্রদল সভাপতি।

আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম আহবায়ক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

এমবি