খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কমনওয়েলথ পার্লামেন্টারী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করে বিএনপি নেতা ফখরুল ও খালেদার গালে সজোরে চপেটাঘাত করে আন্তর্জাতিক বিশ্ব বুঝিয়ে দিয়েছেন- বাংলাদেশের এই পার্লামেন্ট ও সরকার বৈধ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জনতার প্রত্যাশা’আয়োজিত “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্ব- দেশ ও জাতির কল্যাণ”শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বিদেশে লবিষ্ট নিয়োগের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ার বহু চেষ্টা করেছেন। তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই বর্তমান সরকারকে নিয়ে কোন কথা বলার অধিকার বিএনপির নেই।

তিনি বলেন, এই বৈধ সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে। ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। এর আগে বাংলাদেশে আর কোন জাতীয় নির্বাচন হবে না।

বিএনপির আন্দোলনের হুমকির কঠোর সমালোচান করে কামরুল বলেন, আন্দোলনের সময় আর আপনাদের আসবে না। ছাত্রদল আপনাদের অবরুদ্ধ করে রাখে। এই ভাবেই আপনারা ছাত্রদের হাতে অবরুদ্ধ থাকবেন। আন্দোলনে নামতে পারবেন না।

আপনাদের ভুলের মাশুল ৫ বছর পর্যন্ত দিতে হবে। এখন আপনারা পালিয়ে থাকবেন, আর নিজেদের নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ থাকবেন। এছাড়া আপনাদের আর কিছুই করার নাই। কারণ জনগণ আপনাদের সঙ্গে নেই।

এ সময় তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জনান।

কামরুল বলেন, আজকে দেশের প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশ আজ এগিয়ে যাচ্ছে। তথ্য-প্রযুক্তি ও খাদ্যসহ সব সেক্টর এগিয়ে যাচ্ছে। অথচ আবার ষরযন্ত্র করে আমাদেরকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

অত্যন্ত সাফল্যের সাথে বর্তমান সরকার ৯-১০ মাস যাবত দেশ পরিচালনা করছে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন দেশ এগিয়ে যাবেই।

সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সোহেলী পারভীন মনি প্রমুখ।

এমআর/ এআর