স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, ‘শেখ হাসিনা ছাড়া আমার চেয়ে বড় জয়বাংলাকর্মী বাংলাদেশে আর কেউ নেই। তাই জয়বাংলার নাম ভাঙিয়ে কোনো লাভ নেই। কেউ যদি দায়িত্বে গাফিলতি করেন তিনি জয়বাংলার লোক হলেও তাকে ছাড় দেওয়া হবে না। চিকিৎসাসেবার মতো মহৎ পেশায় যে যেখানে দায়িত্বে রয়েছেন, যথাযথভাবে তাকে তা পালন করতে হবে।’
তার নির্বাচনী এলাকা কাজীপুরে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনকালে বুধবার বিকেলে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ভবিষ্যৎ অন্ধকার। নিজের কর্মীরাই তাকে এখন আর চেনে না। জ্বালাও-পোড়াও রাজনীতির নেত্রীর দলকে এ দেশের মানুষ আর কোনোদিন ভোট দেবে না। জামায়াত-শিবিরকে নিয়ে দেশব্যাপী জ্বালাও-পোড়াও রাজনীতি করায় খালেদা জিয়াকে দেশের শান্তিপ্রিয় মানুষ প্রত্যাখ্যান করেছে।’
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. দেবপদ রায়ের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের সমাবেশে মন্ত্রীর সহধর্মিণী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সাকার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সন্ধ্যায় চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় গ্রামে ৪৭১ গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে উপজেলা সদরে ৪৮ লাখ টাকা ব্যয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের নবনির্মিত কৃষি ভবন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি।
এমএইচ





