দেশে ত্রাণ সামগ্রীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সারা দেশে চলমান বন্যা দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার, প্রশাসন ও জনগণ বন্যা কবলিত মানুষকে যেভাবে সেবা দেয়ার জন্য কাজ করছে বন্যা দীর্ঘস্থায়ী হলেও একইভাবে সেবা দিয়ে যাবে। এ বছর বন্যার পূর্বাভাস পাওয়ার পর থেকেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, কোন বন্যার্ত মানুষ খোলা আকাশের নিচে থাকবে না, তাদের জন্য জরুরি ভিত্তিতে টাবুর ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, জেলা প্রশাসনসহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিদের্শনা দেয়া হয়েছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বন্যাকবলিত মানুষের সেবার কাজ করে যাচ্ছে।
যে সকল এলাকায় বাঁধ ও রাস্তা ভেঙ্গে গেছে সেসব এলাকায় রাস্তা ও বাঁধ মেরামতের কাজ দ্রুত করা হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি, গো-খাদ্য ও ত্রাণসামগ্রী পৌছে দেয়া হবে।
এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সব বিভাগের সমন্বয়ে বন্যা মোকাবিলায় কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল।
এ সময় টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএস





