২১ আাগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তার ছেলে জড়িত উল্লেখ করে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনডিপি চেয়ারম্যান এই অভিযোগ করেন।

খোন্দকার গোলাম মোর্তুজা বলেছেন, "প্রধানমন্ত্রী তার বক্তব্যে অভিযোগ করেছেন, '২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত'।

কিন্তু দুঃখের বিষয় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাটি কোর্টে বিচারাধীন। বিচারাধীন বিষয়ে রাষ্ট্রের নির্বাহী প্রধান যখন আগাম মন্তব্য করেন, তখন অবশ্যই ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। আর এই বিচারাধীন বিষয়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী তার শপথ লঙ্ঘন করেছেন।"

তিনি আরও বলেন, 'রাষ্ট্রের নির্বাহী প্রধান যখন শপথ গ্রহণ করেন তখন অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কোনো আচরণ করবেন না বলে রাষ্ট্রের কাছে প্রতিশ্রুতি দেন।'

গোলাম মোর্তুজা বলেন, 'নির্বাহী প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কোনো সময়েই এ ধরনের আচরণ করতে পারেন না। মান-অভিমান, রাগ-অনুরাগ বা কোনো ইমোশনাল কাজ করতে পারবেন না।

রাষ্ট্রের সকল নাগরিকের প্রতি সমান আচরণ থাকবে এটাই শপথের মূল কথা। প্রধানমন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট শপথ ভঙ্গ হয়েছে।'

তিনি আরও বলেন, '২১ আগস্ট গ্রেনেড হামলা অবশ্যই নিন্দনীয় বিষয়। আমরা এই বিষয়ে আগেও নিন্দা জানিয়েছি। এখনো জানাই।

এনডিপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।'

এমকে