কাউন্সিলের জন্য মহানগর নাট্যমঞ্চ ব্যবহারের অনুমতি পেলেও রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেই বিএনপির কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এজন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ তারা ব্যবহার করতে চান বলে জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে। অন্য কোনো স্থানে হবে না। কাউন্সিলের উদ্বোধন ও কর্ম অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করার কাজ পুরোদমে চলছে। সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের জন্য আমরা যে আবেদন করেছিলাম, এখন তার অনুমতির অপেক্ষা করছি।
আগামী ১৯ মার্চ কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন- রাজধানীর তিনটি স্থানের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএনপি।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ব্যবহারের অনুমতির পর জায়গা স্বল্পতার কথা বলে সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি চায় তারা।
এরমধ্যে কাউন্সিলের জন্য বিএনপিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ ব্যবহারের অনুমতি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রিজভী জানিয়েছেন কাউন্সিলের দাওয়াত কার্ড অর্থাৎ 'ডেলিগেইট কার্ড' বুধবার সকাল থেকে বিতরণ শুরু হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এমআইএস।





