সংগৃহীত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'জাতির পিতা আন্তরিক না হলে খালেদা জিয়া জিয়াউর রহমানের সংসারে ফিরতে পারতেন না। জাতির পিতার হস্তক্ষেপে খালেদা জিয়া সংসার ফিরে পেয়েছিলেন।'
আজ শনিবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে বড়দের পাশাপাশি একাডেমীর শিশুরাও উপস্থিত ছিল।
প্রতিমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার সংসার টিকিয়ে রাখার কথা বিএনপির জ্যেষ্ঠ অনেক নেতা স্বীকার করে থাকেন। অথচ অকৃতজ্ঞ খালেদা জিয়া জাতীয় শোক দিবসে তাঁর ভুয়া জন্মদিন বানিয়েছেন, যা অত্যন্ত ঘৃণিত।'
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন না করলে খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, ইউনিয়ন পরিষদের একজন মহিলা মেম্বারও নির্বাচিত হতে পারতেন না।
চুমকি বলেন, জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করে ষড়যন্ত্রকারীরা দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি।
দেশ এগিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আর এ কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার আগুনে জ্বলছেন।
বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, চিত্রশিল্পী হাশেম খান, লেখক সুব্রত বড়ুয়া, শিশু সাহিত্যিক শাহজাহান কিবরিয়া ও বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।
এমকে





