আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জন্ম থেকে ওসমান পরিবার আওয়ামী লীগের সঙ্গে রয়েছে, এখনও আছে। বিষয়টি জানা সত্বেও কিছু কিছু গণমাধ্যম এই পরিবারটির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে।
শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় দিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আশরাফুল ইসলাম বলেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে। তা না হলে গণতন্ত্র তার সৌন্দর্য হারাবে। গণমাধ্যমগুলোকে গণতান্ত্রিক ধারায় সংবাদ পরিবেশন করার আহবান জানান এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, জন্ম থেকে আওয়ামী লীগ আন্দোলন করে আসছে, এখনও করতে হচ্ছে। বাংলাদেশে যা কিছু অর্জিত হয়েছে, তার পেছনে রয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব। পৃথিবীর আর কোনো রাজনৈতিক দল এত রক্ত দেয় নি বলে দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রী।
ঢাকা. এমআর, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





