নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, 'আমি চুনকার মেয়ে। ভাঙবো, তবু মচকাবো না।'

তিনি দাবি করেছেন, 'নারায়ণগঞ্জের একটি পরিবারের নেতৃত্বে তৃণমূলের নামে সার্কিট হাউজে যে গোপন বৈঠক হয়েছে তা প্রধানমন্ত্রী জানেন।'

শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জে প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল হক মাদবরের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে আইভী এসব কথা বলেন।

তিনি বলেন, 'দলীয় মনোনয়ন আমিই পাব। নৌকার মালিক প্রধানমন্ত্রী। তিনি আমাকেই নৌকা দেবেন এবং আমি নৌকার মান রাখবো।'

পরে বন্দরের নবীগঞ্জে ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফে মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। বিপুল সংখ্য কর্মী নিয়ে তিনি জুমার আগে কদম রসুল দরগাহ শরীফে আসেন।

এ সময় বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাগর, যুবলীগ নেতা আবু সুফিয়ান, কামরুল হুদা বাবু, শুক্কুর প্রধান, অ্যাডভোকেট শাখওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এমবি