বিএনপি ভোট বর্জন করলেও বেশিরভাগ প্রার্থী নির্বাচনে ছিলেন বলে দাবি করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক।

তিনি বলেন, ১৬ প্রার্থীর মধ্যে মাত্র দু-একজন ভোট বর্জন করেছেন, যা সংখ্যার দিক থেকে খুব সামান্য। বেশিরভাগ প্রার্থী নির্বাচনে ছিলেন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

ভোট গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে বনানীতে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন আনিসুল হক। তিনি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আওয়ামী লীগের দুই প্রার্থী ও বিএনপির দুই প্রার্থীর মধ্যে। এটা অনেকটা ভাইয়ে ভাইয়ে গন্ডগোলের মতো।’

নির্বাচনে যে-ই জয়ী হোক, তাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবেন বলেও জানান এই মেয়র প্রার্থী।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হকের সমন্বয়কারী প্রাক্তন বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং দীপু মনি উপস্থিত ছিলেন।

এএইচ