খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি বারবার ধরনা দিলেও বিদেশি বন্ধুরা আওয়ামী লীগ সরকারের প্রতিই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পল্লী চিকিৎসক জোট আয়োজিত ‘পল্লী মানুষের স্বাস্থ্যসেবার গুরুত্ব ও ডিজিটাল বাংলাদেশ গড়ায় শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
কামরুল ইসলাম, বিএনপি বারবার বিদেশি বন্ধুদের কাছে ধর্না দিয়েছে। অনেক তদবির-লবিংয়ের চেষ্টা করেছে। কিন্তু বিদেশিরা বিএনপির ফাঁদে পা দেয়নি। তারা সরকারের দিকেই সহযোগিতার হাত বাড়িয়েছে।
ভারতের নির্বাচন ও নয়া সরকার গঠন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ভারতের সরকার পরিবর্তনে বিএনপি মনে করেছিল, আওয়ামী লীগ সরকারের ভিত নড়বড়ে হয়ে পড়বে, এতে তারা ক্ষমতায় চলে আসবে। কিন্তু এমন কিছু ঘটেনি। বরং ভারতের নতুন সরকারের সঙ্গে আমাদের সরকারের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে।
সরকারের গৃহীত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আমলে বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই দ্রব্যমূল্য বেড়ে যেত। কিন্তু গত পাঁচ-ছয় বছর ধরে এমন কিছুই ঘটছে না। বিএনপি শাসনের তুলনায় আওয়ামী লীগ সরকারের প্রতিটি বাজেটই গণমুখী।
বাজেট উচ্চাবিলাসী বলে যে সমালোচনা চলছে তার জবাবে খাদ্যমন্ত্রী বলেন, আমরা নিচের দিকে নামতে চাই না। আমরা বড় বড় আশা করতে চাই। উচ্চাবিলাসী হতে চাই।
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, ২০১৯ সালেই সংবিধান সম্মতভাবে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। জনগণ তখন বিএনপিকে ভোট দিলেই তারা ক্ষমতায় আসবে।
এর আগে সরকারের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে বিএনপিকে বিরত থাকার আহ্বান জানান কামরুল ইসলাম
সংগঠনের সভাপতি বাচ্চু শিকাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নেতা ডা. সিদ্দিকুর রহমান, অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]