সরকারের মন্ত্রীরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহবায়ক মির্জা আব্বাস বলেছেন, উস্কানি দিলে দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। তাই উস্কানি দিবেন না।
বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারে ১৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সালাম তালুকদার স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ।
মির্জা আব্বাস আরও বলেন, সরকারের মন্ত্রীদের কথায় মনে হয় তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। আপনাদের যদি সে পর্যন্ত আয়ু থাকে তাহলে থাকতে পারেন। কিন্তু মনে রাখবেন ফেরআউন, নমরুদরাও চেয়েছিল অনন্তকাল ক্ষমতায় থাকতে। তাদের সে আশা পূর্ণ হয়নি। আপনাদের ইচ্ছাও পূর্ণ হবে না।
তিনি অভিযোগ করে বলেন, সরকার গণদমননীতি বাস্তবায়ন করতে চাইলে যে কোনোভাবেই গণ অসন্তুষ প্রকাশ হয়ে পরবে। তাই বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ দেয়া বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান।
মরহুম সালাম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি এই নেতা বলেন, আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে সালাম তালুকদারের মত দৃঢ়চেতা মনোভাবের নেতৃত্বের খুবই প্রয়োজন ছিল।
মির্জা আব্বাস উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজে নেতা হওয়ার জন্য নয়, এই সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সবাইকে রাজপথে নামতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





