বিএনপি উপজেলা নির্বাচনে জয়লাভ করেও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডীল সদস্য তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আওয়ামী ফোরাম আয়োজিত “জোহরা তাজ উদ্দিনের স্মরণসভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। একদিকে বিএনপি জয়লাভ করছে অন্যদিকে নির্বাচনে করাচুপি হচ্ছে বলে মিথ্যাচার করছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি অথচ উপজেলা নির্বাচনে নিয়েছে । এতেই প্রমাণিত হয়েছে তার অধীনে (শেখ হাসিনা) সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব।
আওয়ামীলীগের এ উপদেষ্টা বলেন, বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। কারন তারা বুঝতে পেরেছে জাতীয় নির্বাচনে অংশ না নেয়া ছিল তাদের ভুল সিদ্ধান্ত। ক্ষণে ক্ষণে তাদের এ পরিবর্তন দেখে অবাক লাগে।
আওয়ামী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: এমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মজিবুল হক, সিমিন হোসেন রিমি এমপি প্রমুখ।
[b]ঢাকা,এমআর,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]