বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, দু:খজনক ভাবে বিভিন্ন কারণে দেশের আগামী প্রজন্ম বিশেষ করে ছাত্রসমাজের একটি বিশাল অংশ আজ ধ্বংসের পথে ধাবমান।

এই ধ্বংসের হাত থেকে একমাত্র কুরআনই তাদের রক্ষা করতে পারে। তাই মাহে রমজানকে কাজে লাগিয়ে ছাত্রসমাজ ও জনশক্তিদের কুরআন চর্চার বৃদ্ধি করতে দায়িত্বশীলদের সচেষ্ট হতে হবে।

তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

সেক্রেটারী জেনারেল বলেন, দেশে সন্ত্রাস, মাদক, অপসংস্কৃতি, বেহায়াপনা ও অসভ্যতার সয়লাব চলছে। এই সয়লাবে বেশি আক্রান্ত হচ্ছে ছাত্র ও যুব সমাজ।

প্রতিটি অপকর্মে কোন না কোন ভাবে ছাত্রদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। যা জাতিকে আতঙ্কিত করে তুলছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো এসব জাতি বিনাশী প্রতিটি অপতৎপরতায় রাষ্ট্রীয় শক্তির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ হয়েছে।

এতে মনে হয়, কোন কু উদ্দেশ্যেকে সামনে রেখে সুপরিকল্পিত ভাবে আগামী প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। আর এ ধারা অব্যাহত থাকলে জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না।

এখন ধ্বংস পথে ধাবমান আগামী প্রজন্মকে রক্ষা করার এক মাত্র পথ হলো কুরআনের আলোকে তাদের জীবন গঠন করা।  

তিনি থানা দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, প্রজন্মকে বিপথে নেয়ার মত ও পথের অভাব নেই। কিন্তু তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য সবাই এগিয়ে আসবে না।

ছাত্রশিবিরের দায়িত্বশীলদেরকেই এগিয়ে আসতে হবে। আর কুরআনের পথে ছাত্রদের আহবান, সম্পৃক্ততা ও চর্চা বৃদ্ধির জন্য মাহে রমজান সর্বোত্তম সময়। এ মাসকে সর্বোচ্চ কাজে লাগতে হবে। প্রতিটি ছাত্রের কাছে কুরআনের আহবান পৌছে দিতে হবে।

ছাত্রসমাজ ও জনশক্তিকে কুরআন চর্চায় সর্বোচ্চ উৎসাহ এবং সহযোগিতা দিতে হবে।

মনে রাখতে হবে, জাতির প্রত্যাশা পূরণ ও আগামী প্রজন্মকে দুনিয়া এবং আখেরাতের সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তোলতে কুরআনের আলোকে জীবন গঠন ছাড়া কোন বিকল্প নেই।  

এসএইচ