আন্তর্জাতিক বিধান অনুসারে দেশের শ্রম আইন সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘রানা প্লাজার নিহত ও আহত শ্রমিকদের স্মরণ’ শীর্ষক এ মানবন্ধনে তিনি বলেন, বাংলাদেশের শ্রম আইনে কর্মস্থলে দুর্ঘটনায় আহত, পঙ্গু ও নিহত হলে তার ক্ষতিপূরণ খুব কম ধরা হয়েছে। তাই বাংলাদেশের শ্রম আইন সংশোধন করে ক্ষতিপূরণ আইএলও, কনভেনশন ও লস অব আর্নিং অনুসারে করতে হবে।
শ্রম আন্দোলন শক্তিশালী করতে পারলে এবং মালিকরা দায়িত্বশীল হলে রানা প্লাজার মত দুর্ঘটনা আর হবে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
সাবেক এই শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, দেশের প্রচলিত আইন অনুসারে রানা প্লাজার নিহত, আহত ও পঙ্গু শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও তা এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি।
তিনি অবিলম্বে রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরণ পরিশোধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এমআর





