ইসলামের বিরোধিতাকারীদের ফাঁসি এবং নাস্তিক ব্লগারদের ব্যবহৃত সব ব্লগ ও ওয়েবসাইট অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগসহ ১৩টি ইসলামপন্থী সংগঠন।

সংগঠনগুলোর ১৭ দফা দাবি আদায়ের জন্য শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ওই দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশে নাস্তিক-মুরতাদদের জায়গা দেয়া হবে না। ইসলামবিলোধী কার্টুন প্রদর্শনী, ছবি ছাপানো এবং মিথ্যা ও অবমাননাকর তথ্য পরিবেশনকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

তাদের দাবিগুলোর মধ্যে আরো রয়েছে দেশে ২০ লাখ মসজিদে গরু জবাই করে মিলাদ শরিফের মাধ্যমে ১৫ আগস্ট ব্যাপকভাবে পালন করা এবং খালেদা জিয়াকে মুনাফিক ঘোষণা করা; কুরবানিকে বাধাগ্রস্ত করতে কুরবানির পশুর হাট রাজধানীর বাইরে নেয়ার চক্রান্ত বন্ধ করা; কুরআন-সুন্নাহবিরোধী বক্তব্যযুক্ত পাঠ্যপুস্তক অবিলম্বে বাজেয়াপ্ত করা; প্রশাসনকে হিন্দুকরণ করা চলবে না, সব ভারতীয় টিভি চ্যানেল ও পর্নো সাইট অবিলম্বে বন্ধ করা; সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করা ইত্যাদি।

সংবাদ সম্মেলন ও মানববন্ধনে সভাপতিত্ব করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী।

বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, জাতীয় কুরআন শিক্ষা মিশনের সভাপতি লায়ন মাওলানা মুহম্মদ আবু বকর ছিদ্দীক্ব, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি শায়েখ আলহাজ্জ মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।

মানববন্ধনের আয়োজন করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট, বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, হাক্কানী আলেম সমাজ, জাতীয় ওলামা পরিষদ, বাংলাদেশ এতিমখানা কল্যাণ সমিতি, ইমাম-মোয়াজ্জিন কল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্নি ছাত্র ঐক্য, আমরা ঢাকাবাসী এবং বঙ্গবন্ধু ওলামা পরিষদ।

এসএইচ