গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ড থেকে শুরু করে সর্বশেষ গুলশান ও শোলাকিয়া হামলা জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্রকারীদের নীল-নকশা আমাদের কাছে এসে গেছে।

সোমবার রাজধানীর মোহাম্মদপুর একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ তথ্য জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের বাংলাদেশ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে এটাও তারই একটা ধারাবাহিকতা, অংশ। যতগুলো প্রমাণ আমাদের কাছে আসছে সবগুলোই একই সুতোয় গাথা। যে যেই ষড়যন্ত্র করুক তাদের নীল-নকশা আমাদের কাছে এসে গিয়েছে।

তিনি বলেন, সবগুলোর পেছনে কারা জাড়িত আছে আমরা সব কিছু জানতে পেরেছি। আমরা তাভেল্লা সিজার থেকে শুরু করে সবগুলো হত্যাকাণ্ড কেন ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে তা আমরা জানতে পেরেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদিন আমাদের সামনে নতুন করে একটি চ্যালেঞ্জ আসছে। আপনারা দেখেছেন, গুলশান ট্রাজেডির পর পরই শোলাকিয়া ট্রাজেডি ঘটেছে। এই দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো হত্যাকাণ্ড আমাদের নিরাপত্তাবাহিনী আইডেন্টিফাইড করেছে। অনেক হত্যাকাণ্ডের জন্য আমরা কয়েক শ অপরাধীকে সনাক্ত করে আমরা গ্রেফতার করেছি।

তিনি বলেন, যে ঘটনা গুলশানে ঘটলো সেই ঘটনায় আমরা অবাক বিস্ময়ে দেখলাম কিছু তরুণ যারা সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত। এরা একটা ভিন্ন মোটিভ নিয়ে এসেছে। আমরা এগুলো উদঘাটন করেছি। এগুলো অমানুষের কাজ, অধর্মের কাজ। কোন ধর্মে মানুষ হত্যা করার কোন স্থান নেই। এই সমস্ত ষড়যন্ত্রকারীদের আমরা চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে আজকে সমস্ত জাতি ঐক্যবদ্ধ। যেই এই ষড়যন্ত্র করুক কিছুই লাভ হবে না, শুধু বিভ্রান্ত করা ছাড়া।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদেক খান। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান প্রমুখ।

ইআর